ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ইউপি নির্বাচনের সহিংসতায় পুলিশের গুলিতে শিশুর মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের গুলিতে এক শিশুর মৃত্যু হয়েছে।

৬মাস বয়সী শিশু কোলে নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের ফলাফল দেখতে ভোটকেন্দ্রে গিয়ে ছিলেন মা। সেই কেন্দ্রেই নির্বাচনী সহিংসতার সময় গুলিতে উড়ে গেছে মাত্র ৬মাস বয়সী শিশুটির মাথার খুলি। আজ বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এঘটনা ঘটে। নিহত শিশুটি মীরডাঙ্গী বাজার সংলগ্ন দিঘিরপাড় এলাকার বাদশাহর মেয়ে‌। প্রত্যক্ষদর্শীরা জানান- ভোটের ফলাফল দেখতে শিশু কন্যাকে কোলে নিয়ে রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩নং ভাংবাড়ি ভোট কেন্দ্রে আসে নিহত শিশুর মা।

সেখানে ভোটের ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ। এসময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির ষ্টিভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের গুলিতে একটি শিশু নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাঁধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে পুলিশ গুলি ছুড়তে বাধ্যহয় । পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সেখানে শর্ট গানের ফায়ার করা হয়েছে। শর্ট গানের ফায়ারে শিশুটি নিহত হওয়ার কথা না। বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। শিশুটির লাশ ময়নাতদন্ত করা ছাড়া এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যে পুলিশের গুলিতে শিশুটি মারা গেছে। তাছাড়া শিশুটির মাথা যেভাবে ক্ষত হয়েছে সেটি গুলির আঘাতে ক্ষত হওয়ার মতো মনে হচ্ছে না বলে জানান তিনি।