ঠাকুরগাঁওয়ে ২০কোটি টাকা ব্যয়ে ৮টি বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে নব-নির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রসাশক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক ভার্চুয়াল আলোচনা সভার মধ্যে দিয়ে নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
উদ্বোধনকৃত বিদ্যালয়গুলো হলো, ঠাকুরগাঁও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, ভুল্লি বালিকা উচ্চ বিদ্যালয়, দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়, লাউথুতি এসসি উচ্চ বিদ্যালয়, কুমারপুর উচ্চ বিদ্যালয়,বালাপাড়া উচ্চ বিদ্যালয়, মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, ও পুরাতন ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয়।
এতে জানা গেছে, এসব চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজের ব্যয় হয়েছে ২০ কোটি ৭৯ লক্ষ টাকা। আর এই কাজটি বাস্তবায়ন করেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়াল আলোচনা সভায় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার কার্যক্রম আরও ব্যাপক আকারে প্রসারিত করার জন্য কাজ করে যাচ্ছে। এ সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে শিক্ষা সহায়ক সকল প্রকল্প হাতে নিয়েছেন। শিক্ষার উন্নয়নের বাজেটে সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ। যাতে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পাঠদান গ্রহণ করতে পারে।
তিনি বলেন, যেমন দেখুন বছরের প্রথম দিন নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে যা এই সরকারের কারণেই। নতুন বইয়ের পাশাপাশি উপবৃত্তিসহ সকল প্রকার শিক্ষা উপকরণও বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা কার্যক্রম নিয়ে যেসব দৃশ্যমান কাজ করেছে যা বিগত কোন সরকার করতে পারেনি। শুধু এতেই শেষ নয় বিশ্বে করোনা ভাইরাস মহামারিতে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই শিক্ষা অর্জনে পিছিয়ে পড়েছে। এরপরেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় বিশেষ অবদান রেখেছেন। তিনি শিক্ষা-স্বাস্থ্য সহ সর্বোপরি আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন।
এসময় অন্যান্যের মত বক্তব্য দেন, পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজক্যালণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার , ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল প্রমুখ।