মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অন্যের দখলে থাকা বাংলাদেশ পুলিশের ১একর জমি উদ্ধার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদরের ভুল্লীতে বাংলাদেশ পুলিশের নামে থাকা এ জমির সীমানা নির্ধারণ করে সাইনবোর্ড স্থাপন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
জানা যায়, ১৯৮৯ সালে এলাকার নিরাপত্তা ও সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে পুলিশ ফাঁড়ি বসানোর উদ্দেশ্যে তৎকালীন সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী রেজওয়ানুল হক চৌধুরী পুলিশের মহাপরিচালক বরাবর এই জমি বাংলাদেশ পুলিশের নামে দান করেন। পরে কিছু সময় সেখানে অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসানো হলেও পরে ওই পুলিশ ফাঁড়ির উঠিয়ে নেওয়া হয়। পুলিশ ফাঁড়ি উঠে নেওয়ার ফলে ওই জমি স্থানীয় মানুষের দখলে চলে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় আজিজ নামে এক ব্যক্তির দখলে ছিল ওই জমি। ওই জমিতে তিনি চাষাবাদও করতেন। কিন্তু সম্প্রতি কয়েকজন জমিটির দখল নিয়ে কিছু কার্যক্রম শুরু করেন।
সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, জমির বিষয়টি জানতে পেরে আমি গোপনে তদন্ত শুরু করি। এবং প্রয়োজনীয় সব কাগজপত্র বের করে স্থানীয় জনপ্রতিনিধি ও সদর থানার পুলিশ সহ জমিটি উদ্ধার অভিযানে যাই।
তিনি আরো জানান, ওই জমি এখন পুলিশের দখলে আছে। সেই সাথে জমিতে পুলিশের সাইনবোর্ড লাগানো হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, উদ্ধারকৃত ওই জমি আগামীতে পুলিশের কাজে ব্যবহার করা হবে।


