শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে জাজিরার কাছে ড্রেজারের ধাক্কায় ২১টি যানসহ ডাম্প ফেরি রাণীগঞ্জের তলা ফেটে যায়। রোববার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে দ্রুত ফেরিটি বাংলাবাজার ঘাটে নোঙর করে। ফেরিতে থাকা ৭টি যাত্রীবাহী বাস, ৭টি প্রাইভেটকার এবং পণ্যবাহী ৭টি ট্রাক দ্রুত নেমে আসতে সক্ষম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় মানুষজন।
বিআইডব্লিউটিসির জিএম মো. আশিকুজ্জান জানান, এরপরই নোঙর করা ফেরিটি ক্রমশ ডুবে যায়। নোঙর করায় পর ফেরিটির কিছু অংশ ভেসে থাকে।
মু্ন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া থেকে ফেরিটি রাত ১০টায় ছেড়ে যায়। ডুবন্ত ফেরি উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ তলব করা হয়েছে বলে জানান তিনি।


