ঢাকাই সিনেমার জন্য ইতিবাচক দিক

অনলাইন ডেস্ক: গত এক বছরে শিল্পী সমিতির সফলতা অনেক। কিন্তু এসব সফলতা এখনো জ্বলজ্বল করে জ্বলছে না। চলচ্চিত্রের অভিমান করা মানুষগুলোকে এখনো শিল্পী সমিতিতে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়েছে সমিতির বর্তমান নেতারা। শিল্পীদের মধ্যে এমন বিভাজনে মলিন হয়ে আছে শিল্পী সমিতি। এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

ডিজিটাল চলচ্চিত্রের আবির্ভাবে বেশ ভালোই চলছে ঢাকাই চলচ্চিত্র। উন্নতির দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ঢাকাই সিনেমা তা স্পষ্ট। ওপার বাংলার শিল্পী ও কলাকুশলীরাও এখন ঢাকাই চলচ্চিত্রে কাজ করার জন্য ভিড় জমাচ্ছেন। তা ছাড়া ঢাকাই সিনেমা এখন বিদেশেও মুক্তি পাচ্ছে। এটা ঢাকাই সিনেমার জন্য ইতিবাচক দিক।

গত বছরের ঠিক এই সময় চলচ্চিত্রাঙ্গনে ‘উত্তপ্ত’ পরিবেশ তৈরি হতে শুরু করে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-২০১৮ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে ওমর সানি-অমিত হাসান ও মিশা সওদাগর-জায়েদ খান প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বছরের মার্চ-এপ্রিলের দিকে এফডিসিতে বেশ উৎসবমুখর পরিবেশ ছিল। সিনিয়র শিল্পীদের পদাচারণাও ছিল চোখে পড়ার মতো। শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করেই তাদের এই আনা-গোনা তৈরি হয়েছিল। তবে কিছুদিন পরই এই উৎসব উত্তাপে পরিণত হয়। নির্বাচনের আগেই বেশ কাদা ছোড়াছুড়ি শুরু হয় ওমর সানী-অমিত হাসান ও মিশা সওদাগর-জায়েদ খানদের মধ্যে। এদিকে শাকিব খান ওমর সানী-অমিত হাসানদের পক্ষ নিয়ে মাঠে নামেন।

তাদের স্নায়ু যুদ্ধ বেশ ভালোই চলছিল। পরবর্তীতে তাদের যুদ্ধ প্রকাশ্যে ‍রূপ নেয়। শাকিব খানকে কটাক্ষ করে মিশা সওদাগর বিভিন্ন মন্তব্যও করেন। এদিকে জায়েদ খানের সঙ্গে অপু বিশ্বাসের প্রেমের সর্ম্পক রয়েছে বলেও মন্তব্য করেন শাকিব খান। এভাবেই উত্তপ্ত হতে থাকে চলচ্চিত্রাঙ্গন।

৫ মে সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পীদের ভোট গ্রহণ শুরু হয়। এর মাঝে এফডিসিতে শিল্পীদের প্রবেশ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। সেদিন পুলিশের লাঠি চার্জের মতো ঘটনাও ঘটে। ভোট গ্রহণ শেষে বিকাল গড়িয়ে সন্ধ্যা থেকে শুরু হয় ভোট গণনা। উৎসুক চলচ্চিত্রাঙ্গনের মানুষগুলো অপেক্ষার প্রহর গুনছেন। এমন উৎসাহ বিগত দশ বছরে দেখা যায়নি।

৫ মে অনুষ্ঠিত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনায় দেরি হওয়া দেখে গভীর রাতে বিএফডিসিতে যান জনপ্রিয় নায়ক শাকিব খান। কিছুক্ষণ পর নির্বাচন কমিশনারের অনুরোধে ভোট গণনা কক্ষ থেকে বেরিয়ে পড়েন এই নায়ক। শিল্পী সমিতির কার্যালয় থেকে বের হয়ে গাড়িতে উঠার সময় কে বা কারা শাকিব খানের ওপর হামলা করেন। এ নিয়ে জায়েদ খান ও সাইমন সাদিকের বিরুদ্ধে মামলা করেন শাকিব খান।

ভোট গণনা শেষে মিশা সওদাগর-জায়েদ খানসহ এই প্যানেলের অধিকাংশ প্রার্থী জয়লাভ করেন। অন্যদিকে ওমর সানি-অমিত হাসান প্যানেল থেকে চিত্রনায়িকা মৌসুমীসহ কয়েকজন জয়লাভ করেন। ফলাফল ঘোষণা দেয়ার পর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেন শিল্পী সমিতির সদস্য রমিজ উদ্দিন। এর কিছুদিন পর নব নির্বাচিত সদস্যরা সমিতির দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিন যেতেই মৌসুমী ও নানা শাহ ব্যক্তিগত কারণ দেখিয়ে শিল্পী সমিতি থেকে সরে দাঁড়ান। তাদের পরিবর্তে যথাক্রমে নিপুন ও নিরবকে নেয়া হয়। অন্যদিকে কমল পাটেকর গঠনতন্ত্রের নিয়ম ভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়।

এরই মধ্যে শুরু হয় শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’ ও জিৎ অভিনীত ‘বাদশা’ সিনেমার মুক্তি বন্দের আন্দোলন। গত ঈদুল ফিতরে এই দুটি সিনেমা মুক্তি না দেয়ার জন্য আন্দোলনে নামে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। এ নিয়ে রাজপথে মিছিল, সেন্সর বোর্ডের সামনে অবস্থান ধর্মঘট, এমনকি সেন্সর বোর্ডের সদস্য ও হল মালিক সমিতির সভাপতি নওশাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটে। এরপর চলচ্চিত্রাঙ্গন দুইভাবে বিভক্ত হয়।

চিত্রনায়ক শাকিব খানের অশোভন মন্তব্যে তাকে বয়কট করে চলচ্চিত্র পরিবার। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ কয়েকজনের উপর নিষেধাজ্ঞা জারি করে চলচ্চিত্র পরিবার। যদিও পরবর্তীতে শাকিব খানের উপর থেকে বয়কট তুলে নেয়া হয়।

এদিকে নাসির উদ্দিন দিলু, কাজী হায়াৎ, আব্দুল আজিজ, ওমর সানি, মৌসুমী, শাকিব খানসহ প্রায় দুইশত সদস্য নিয়ে গঠন করা হয় ‘চলচ্চিত্র ফোরাম’ নামের নতুন সংগঠন। এই দুই সংগঠনের শিল্পীদের একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যায় না। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে একটি অনুষ্ঠানে অতিথি করায় চলচ্চিত্র পরিবারের কেউ-ই সেই অনুষ্ঠানে অংশ নেননি। এছাড়াও জানা যায়, জাজের বিভিন্ন অনুষ্ঠানে শিল্পী সমিতিকে একাধিকবার আমন্ত্রণ করা হলেও তারা অংশ নেননি। বলা চলে দুই পক্ষের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছে।

সর্বশেষ জাতীয় চলচ্চিত্র দিবসও পালিত হয়েছে দুইভাগে। যদিও এই ইস্যুটি ছিল ভিন্ন। জাতীয় চলচ্চিত্র দিবসে একটি আয়োজনে শুধু চলচ্চিত্র ফোরামের শিল্পীদের দেখা গিয়েছে। অন্য আয়োজনে তাদের অংশগ্রহণ দেখা যায়নি।

গত ৫ মে শিল্পী সমিতির নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে। এই এক বছরে মিশা সওদাগর-জায়েদ খানের নেতৃত্বে ২১টি ইশতেহারের মধ্যে ২০টি পূর্ণ করেছেন বলে জানিয়েছেন জায়েদ খান। এটা ইতিবাচক দিক বলেই দেখছেন সবাই। কিন্তু তাদের মধ্যে স্নায়ু যুদ্ধ তিল পরিমানও কমেনি। এদিকে শিল্পী সমিতি থেকে একসঙ্গে প্রায় ২৭০জন সদস্যের সদস্যপদ স্থগিত করাকে কেন্দ্র করে নয়া বিতর্কের মুখে পড়েছে শিল্পী সমিতি। যদিও এর মধ্যে কিছু কিছু সদস্য শিল্পী কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব সদস্যের কাছ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে সমিতির সদস্যপদ দেয়া হয়েছে বলেও জানা যায়।

‘উত্তপ্ত’ শিল্পী সমিতি এক বছরে কতটা শান্ত হয়েছে? এ বিষয়ে কথা রাইজিংবিডির সঙ্গে কথা হয় জায়েদ খানের সঙ্গে। তিনি বলেন, ‘অনেকের সঙ্গেই মনোমালিন্যতা দূর হয়েছে। এখন প্রায় সবাই সমিতির চাঁদা দিচ্ছে। সবাইকে বুঝতে হবে শিল্পীদের মূল সংগঠন একটাই, সেটা হচ্ছে শিল্পী সমিতি। শিল্পী সমিতির বিপরীতে অন্য সংগঠন টিকিয়ে রাখা কঠিন।’