ঢাকার আজিমপুর দিয়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু

রাজধানীতে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক এক ঘণ্টার লোডশেডিং শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে রাজধানীর আজিমপুর থেকে লোডশেডিং শুরু হয়।

গতকাল সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভার পর সংবাদ সম্মেলনে করে সাংবাদিকদের সামনে লোডশেডিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

বিষয়গুলো হলো: রাজধানীতে ডিপিডিসি ও ডেসকোসহ দেশের কোথায়-কখন লোডশেডিং হবে তার সম্ভাব্য শিডিউলও প্রকাশ করে বিদ্যুৎ কর্তৃপক্ষ। জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এছাড়াও সপ্তাহে একদিন পেট্রল পাম্পও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। রাত ৮টার পর খোলা রাখা যাবে না দোকান ও শপিংমল। শিডিউল মেনেই প্রতিটি এলাকায় এক ঘণ্টা করে বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ। পরে সরবরাহ সংকট মোকাবিলা করতে না পারলে লোডশেডিং দুই ঘণ্টা করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ড. নসরুল হামিদ বলেন, প্রাথমিকভাবে প্রায় এক সপ্তাহ ধরে ঘণ্টাব্যাপী লোডশেডিং চলবে এবং তা পর্যাপ্ত না হলে লোডশেডিংয়ের মেয়াদ বাড়ানো হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেয়া হবে। দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার আন্তর্জাতিক বাজার থেকে আর গ্যাস কিনবে না।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন প্রায় ১,০০০ মেগাওয়াট থেকে ১,৫০০ মেগাওয়াট ঘাটতি হবে। ফলে কর্তৃপক্ষ সারা দেশে পর্যায়ক্রমে এক থেকে দুই ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং করতে বাধ্য হবেন। দেশে ফিলিং স্টেশনগুলোও সপ্তাহে এক দিন বন্ধ রাখা হবে। এ সিদ্ধান্ত সাময়িক… বৈশ্বিক পরিস্থিতির উন্নতির পরপরই আমরা সম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদনে ফিরে যাব।’

তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকারিভাবে ডিজেলের খরচ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে বিদ্যুৎ খাতে প্রায় ১০ শতাংশ ডিজেল ব্যবহৃত হয়, বাকিটা পরিবহন খাতে ব্যবহৃত হয় এবং ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হলে সরকার যথেষ্ট পরিমাণ পেট্রল বাঁচাতে সক্ষম হবে।’