রাজধানীর বাজারগুলোতে কেজিতে ২০ টাকা থেকে অন্তত ৫০ টাকা বেড়েছে মাছের দাম। ব্যবসায়ীরা বলছেন, ঈদের কারণে আড়তে মাছের সরবরাহ কম, আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে। আগামী সপ্তাহ থেকে মাছের সরবরাহ বাড়তে পারে। সরবরাহ বাড়লে দাম কমে যাবে।
বুধবার (১৩ জুলাই) রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায়, ঈদের আগের ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে। রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজিতে, যা আগে বিক্রি হয়েছে ২৮০ টাকা দরে। কাতল মাছ বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে, বাইন মাছ ৫০০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে। ছোট বোয়াল ৩২০-৪০০ টাকা। বড় বোয়াল বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকা কেজিতে। কই মাছ বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা কেজিতে। পাঁচ মিশালি (ছোট বাইন, টেংরা,পুটি, বাইলা) ২৮০ টাকা কেজিতে।
ছোট আকারের ৪-৫টি ইলিশের কেজি ৫০০ থেকে ৬০০ টাকা। আর একটু বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০-১১০০ টাকা কোজিতে। এক কেজি ওজনের বেশি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০-১ হাজার ৫০০ টাকায়। কাঁচকির কেজি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা, টেংরার কেজি ৬০০ টাকা ও এক কেজি রূপচাঁদার দাম ৬০০-৮০০ টাকা।


