ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত ; সড়ক অবরোধ

কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত এবং তিন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলার গোমতা ইছাকিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা আক্তার উপজেলার বাবুটিপাড়া গ্রামের আবদি মিয়ার মেয়ে। সে গোমতা ইছাকিয়া উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ফুটপাত দিয়ে হাঁটছিল। এ সময় কুমিল্লাগামী একটি দ্রুতগামী ট্রাক শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় আকলিমা। এ ঘটনায় একই স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেনির ছাত্রী তামান্না ইসলামসহ তিনজন আহত হয়।

দশম শ্রেণির ছাত্র মো. সিয়াম মাহমুদ জানায়, ট্রাকটি বেপরোয়া গতিতে এসে ফুটপাতে শিক্ষার্থীদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন হাজারী জানান, পুলিশ ট্রাকটির খোঁজ পায়নি। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

এদিকে ঘাতক ট্রাকটি আটক ও বিচারের দাবিতে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা। অতিরিক্ত পুলিশ এসে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।