তাড়াশে জমে উঠেছে পশুর হাট

ফয়সাল আহমেদ, ষ্টাফ রির্পোটার: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে কোরবানির পশুরহাট। এ বছর ভারতীয় গরু না আসায় হাটগুলোতে প্রচুর সংখ্যক দেশীয় প্রজাতির পশু উঠছে। ম্ল্যূ সাধ্যের মধ্যে হওয়ায় ক্রেতারা পছন্দমত গরু কিনতে পারছেন।

জানা গেছে, তাড়াশ উপজেলার নওগাঁ হাট, গুল্টা বাজার, তাড়াশ পৌর সদর হাট ও খালখুলাসহ বিভিন্ন পশুর হাটে প্রচুর পরিমানে পশু উঠছে।

অপরদিকে, উপজেলার বেশ কয়েকটি হাট-বাজার ঘুরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকদের চোখেঁ পড়লেও অসুস্থ গরু, ছাগল বা কোন পশু পরীক্ষা করার কোন কিছু চোখে পড়েনি। এ জন্য হাটে আগত গরুর ক্রেতারা চরম অসন্তোষ প্রকাশ করেছেন। কারন অসুস্থ পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটা হাটে তদারকির জন্য তাদের থাকার নিয়ম থাকলেও স্বাস্থ্য পরীক্ষার জন্য কাউকে পাওয়া যায়নি বলে অনেক ক্রেতা অভিযোগ করেন।

গরু ব্যবসায়ী প্রদীপ কর্মকার জানান, প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে মৌসুমী পশু ব্যবসায়ীরা এ সকল হাট বাজারে আসতেন। কিন্তু এবার তেমন একটা দেখা যাচ্ছে না।

তিনি বলেন, বন্যাসহ নানা কারণে দেশের বিভিন্ন এলাকার মৌসুমী গরু ব্যবসায়ীরা আসতে পারছেন না।
সলঙ্গা থানার নাইমুরি গ্রামের খামারী আব্দুর রহিম জানান, ৫ টা গরু নিয়ে এসেছি। কিন্তু ক্রেতা কম। দামও কম বলছে। গত বছরের যে গরুর দাম ছিল ৪০/৫০ হাজার টাকা, এ বছর সেই গরু বিক্রি হচ্ছে ৩০/৪০ হাজার টাকায়। ঈদের দিন পর্যন্ত বাজার এমন থাকলে লোকসান গুনতে হবে। সপ্তাহে দু’দিন করে হাট বসলেও ঈদের আগের দিন পর্যন্ত একটানা গরুর হাট বসবে।
তাড়াশ সদরের হাটের পৌরসভা সচিব আশরাফুল আলম ভুইয়া বলেন, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গরুর হাটগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও নিজস্ব লোকবলের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে ।

তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু হানিফ বলেন, প্রতিটা হাটবাজারে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের লোকজন কাজ করছে।