তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বৈশাখের শেষের দিকে তীব্র দাবদাহে পুড়ছে পুরো দেশ। কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দিনাজপুরের খানসামা উপজেলার জনজীবন। বিশেষ করে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো।
৮ মে সোমবার উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, গরমের তীব্রতায় তৃষ্ণার্ত মানুষ ও প্রাণীকুলে নাভিশ্বাস উঠেছে। চারিদিকে একটু শীতল পরশ লাভের জন্য মানুষের যেন ব্যাকুল প্রচেষ্টা। গরমে একটু স্বস্তি পেতে ঠান্ডা শরবত,ডাব,পানি,জুস, আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন মানুষ। বৃষ্টিপাত না হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে জীববৈচিত্র্যের ওপর।
জুস খেতে খেতে ভ্যান চালক আঃ আজিজ বলেন, বৈশাখের এই তীব্র রোদের কারণে ভ্যান চালাতে খুব কষ্ট হচ্ছে। এত গরম যে রাস্তায় দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে। গরমের কারণে মানুষ কম বের হচ্ছে। ফলে আয়-ইনকাম কমে গেছে।উপজেলার বাসিন্দা রহিমা খাতুন বলেন, “প্রচণ্ড গরম পড়েছে। বাচ্চা নিয়ে খুবই সমস্যায় আছি। ঘরের মধ্যে গরমে থাকা যায় না। আমার সন্তান গত তিন দিন থেকে জ্বরে ভুগছে। জানি না কবে বৃষ্টির দেখা মিলবে।”চায়ের কাপে টুং টাং শব্দে দোকানদার ইমরান বলেন, যে গরম পড়ছে দোকানদারি করা মুশকিল হয়ে গেছে। এই গরমে চায়ের কাস্টমার কম, তাই বাধ্য হয়ে দিনের বেলায় দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।পানি খেতে খেতে দিনমজুর আনিস বলেন, যে তাপ এতে কাজ করা অনেক কষ্টকর। ঘনঘন পানির পিপাসা লাগে। একটু বৃষ্টির জন্য আল্লাহ’র কাছে দোয়া করছি।চাতাল শ্রমিক জামিল বলেন, ভুট্টা শুকাতে গিয়ে ক্লান্ত হয়ে যাই। রাতে গা জ্বালাপোড়া করে চুলকায়। কবে যে বৃষ্টি হবে। গরমে অতিষ্ঠ হয়ে গেছি আমরা।
তীব্র গরমকে আরো অসহনীয় করে তুলছে ঘনঘন লোড শেডিং। গরমে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষেরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। চাপ বাড়ছে হাসপাতালে। বেশি করে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনসহ তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকের।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুরে সোমবার (৮ মে) বিকাল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রী সেলসিয়াস , আদ্রর্তা ২১%, বাতাসের গতি ৩ নটস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রী সেলসিয়াস , আদ্রর্তা ২১%, বাতাসের গতি ৩ নটস।


