রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামে একের পর এক ত্রাণ লুটের অভিযোগ উটে আসছে।যেন ত্রাণলুটেরা প্রতিযোগিতায় নেমেছে। সরকারের বাজেটের এই ত্রাণ যাচ্ছে কই নগরবাসীর অভিযোগ। অন্যদিকে লগডাউনকে উপেক্ষা করে ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ট হয়ে মৃত্যু জেনেও ঘরের বাইরে যাচ্ছেন সাধারণ খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালকসহ শ্রমিকরা। যাকে প্রশ্ন করা হচ্ছে সেই বলছে ত্রাণ পায় নি। রিপোর্ট রাজিব শর্মা।
নগরের হিলভিউ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাসিন্দা নূর মিয়ার মতো অনেকেই ত্রাণ পাননি। আয়ের পথও বন্ধ। পরিবার-পরিজন নিয়ে এখন কীভাবে দিন পার করবেন, তা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। ত্রাণের দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভও হয়েছে।
তবে চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে চট্টগ্রাম নগরের বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিতরণ করছে। তারা যে ত্রাণ বিতরণ করছে তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। এর বাইরে অনেকে ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, নগরে এখন বসবাস করে প্রায় ৭০ লাখ মানুষ। সম্প্রতি সিটি করপোরেশন জরিপ করে দেখেছে, তাদের মধ্যে প্রায় সাড়ে ১৪ লাখ মানুষই দরিদ্র বা সীমিত আয়ের মানুষ। এর বাইরে নিম্ন মধ্যবিত্ত রয়েছে আরও প্রায় আট লাখের মতো। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের মতে, বর্তমানে এসব মানুষের ত্রাণ প্রয়োজন।
প্রতি পরিবারে গড়ে ৪ জন সদস্য ধরা হলে মোট পরিবার রয়েছে সাড়ে পাঁচ লাখ। কিন্তু সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা পেয়েছে প্রায় এক লাখ পরিবার। বাকি সাড়ে চার লাখ পরিবার খাদ্য সহায়তার বাইরে রয়ে গেছে। তবে সিটি করপোরেশন কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণ বিতরণের জন্য তালিকা করছে।
সাধারণ ছুটি ঘোষণার পর কর্মহীন হয়ে খাদ্যসামগ্রীর জন্য মানুষ বিভিন্ন জায়গায় ধরনা দিচ্ছে। সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা উপেক্ষা করে অনেকে রাস্তায় রাস্তায় ও মোড়ে মোড়ে জড়ো হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ও রাতে এই দৃশ্য দেখা যায়। তবে ত্রাণ না পেয়ে গত শনিবার নগরের হালিশহর বড়পোল এলাকায় বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এই সময় একটি পিকআপ ভ্যান থেকে খাদ্যসামগ্রী লুট করার অভিযোগও উঠেছে। এর আগে গত বুধবার একই এলাকায় বিক্ষোভ করে বস্তিবাসীরা। ওই দিন নগরের বাকলিয়া এলাকায়ও বিক্ষোভ করেছেন শ্রমজীবী মানুষ। পরদিন বৃহস্পতিবার নগরের কর্নেলহাট এলাকায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন বস্তিবাসীরা।
জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এখন দিনমজুর, শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত লোকজনেরও ত্রাণের প্রয়োজন হচ্ছে। তবে মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য সরকার আন্তরিক। যথেষ্ট খাদ্যসামগ্রীও মজুত আছে। কেউ অভুক্ত থাকবে না। মেয়র জানান, নগরের ৪১ ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে। নগরের গরিব ও অসচ্ছল কর্মহীন পরিবারের তালিকা হালনাগাদ করা হচ্ছে। দুর্যোগ নিরসন না হওয়া পর্যন্ত এসব পরিবারে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, এখন পর্যন্ত প্রায় ৭৮ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রতি পরিবারকে ৫ কেজি চাল ও ১ কেজি আলু দেওয়া হচ্ছে। মোট ১ লাখ ১৮ হাজার পরিবারকে ত্রাণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি করপোরেশন। বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে। সরকারিভাবে ৫৯০ টন খাদ্য সহায়তা পাওয়া গেছে। এর মধ্যে ১৯০ টন বণ্টন করা হয়েছে। কাউন্সিলরদের কাছ থেকে তালিকা পেলে বাকি ৪০০ টন খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা।
এ ছাড়া চট্টগ্রাম নগর পুলিশ প্রায় ৩০ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছে। তারা প্রতি পরিবারকে ১৯ কেজি করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের কর্মকর্তারা জানান, তালিকা করে ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রতি পরিবারকে অন্তত ১০ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়। কেউ কেউ থানায় এসে, ফোন করে খাদ্য সহায়তা চান। তাঁদেরও দেওয়া হচ্ছে। আরও ২০ হাজার মানুষকে ত্রাণ দেওয়া হবে।
নগরের হিলভিউ আবাসিক এলাকার একটি কলোনিতে স্বামী, ছেলেকে নিয়ে থাকেন পোশাকশ্রমিক রত্না সিকদার। স্বামীর কোনো উপার্জন নেই। রত্নার আয়ে চলে সংসার। কিন্তু কারখানা বন্ধ থাকায় কীভাবে সংসার চালাবেন, তা ভেবে পাচ্ছেন না। তিনি বলেন, ‘ঘরের খাবারের সংকট রয়েছে। ত্রাণের প্রয়োজন। কিন্তু তা পাচ্ছি না।’
বিভিন্ন জায়গায় গিয়েও কোনো খাদ্য সহায়তা পাননি সিএনজিচালিত অটোরিকশার চালক শফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ভাড়াটিয়া। ভোলার ভোটার। আমাদের কে ত্রাণ দেবে? অনেক জায়গায় গেছি। কোনো সহযোগিতা পাইনি। এখন এক দিন খেলে দুদিন না খেয়ে থাকতে হচ্ছে। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে আছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম দাবি করেছেন, ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কে ভোটার, কে ভোটার না, তা গুরুত্ব দেওয়া হচ্ছে না। দিনমজুর, শ্রমিক, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া), বেদেসহ স্বল্প আয়ের মানুষদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর অন্যদেরও তালিকা করা হচ্ছে ত্রাণ দেওয়ার জন্য।
পদ্মা অয়েলের পিকআপ থেকে খাবার লুটঃ
মহানগরের বড়পুল এলাকায় সড়কে নেমে ত্রাণের জন্য বিক্ষোভ করছিল খেটে খাওয়া কিছু সিএনজি অটোরিকশা চালক। এ সময় সড়কে খাদ্যপণ্যবাহী পদ্মা অয়েলের একটি পিকআপ থেকে খাবার লুট করে তারা।
একইভাবে শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সেন্টমার্টিন হোটেলের সামনে প্রধান সড়কে বেতনের দাবিতে বিক্ষোভ করে একটি পোশাক কারখানার কিছু শ্রমিক। তারাও মালবাহী একটি গাড়ীর খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্রাংক গ্রুপের পোশাক কারখানার কয়েকশ শ্রমিক শনিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের দাবি মার্চ মাসের বেতন ও ত্রাণ।
এ সময় সড়ক দিয়ে যাওয়া একটি মালবাহী গাড়ী থেকে কয়েক বস্তা চাল ও কয়েক কার্টন ফল নিয়ে চলে যায় অবরোধকারীরা। ওই সময় পুলিশ শ্রমিকদের কাছ থেকে ফলের ১টি কার্টন উদ্ধার করলেও বাকিগুলো পারেনি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ দাশ বলেন, শতাধিক শ্রমিক রাস্তায় অবস্থান নেয়। তারা বেতনের দাবিতে মিছিল করে। দ্রুত এ বিষয়ে মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হয়। তারা আগামী ২৮ এপ্রিল বেতন ভাতা প্রদান করার অঙ্গীকার করে। এরমধ্যে তারা গাড়ী থেকে খাদ্যসামগ্রী লুট করে। এ বিষয়ে পুলিশ খোঁজ নিচ্ছে।
এদিকে বড়পুল এলাকায় খাবার লুট হওয়া পিকআপের চালক রবিউল আলম বলেন, রাষ্ট্রয়ত্ব তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েলের জন্য গাড়িতে মাছ, গরুর মাংস, চাল, আপেল, মাল্টাসহ বিভিন্ন ধরনের ফলমূল এবং চাল নিয়ে যাচ্ছিলাম। কিন্তু বড়পুল এলাকায় আমার গাড়ি আটকে রেখে অধিকাংশ মালামাল নিয়ে যায়।
হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অটোরিকশার চালকরা সড়কে জড়ো হয়ে ত্রাণের দাবিতে বিক্ষোভ শুরু করে। তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। মালামাল লুটের ব্যাপারে জানতে চাইলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।


