আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে এক গ্রামপ্রধানের বাড়িতে বন্দুকধারীরা নির্বিচারে গুলি করে আটজনকে হত্যা করেছে।
বন্দুকধারীদের হামলায় ‘গণহত্যা’র ঘটনা থাইল্যান্ডে বিরল। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্রাবিতে সোমবার এ ঘটনা ঘটে। প্রদেশটি পর্যটনের জন্য জনপ্রিয়।
বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
থাই পুলিশ জানিয়েছে, সেনাদের মতো পোশাক পরে তল্লাশির নামে বাড়িতে ঢোকে হামলাকারীরা। গ্রামপ্রধানসহ অন্যদের ওপর গুলি চালানোর আগে বাড়ির মধ্যে তাদের কয়েক ঘণ্টা জিম্মি করে রাখে বন্দুকধারীরা। এরপর একটি প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায় তারা।
এই হামলায় তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পুলিশের ধারণা, ব্যক্তিগত শত্রুতার জেরে এ হামলা হয়েছে।
এক কর্মকর্তা খাও সোট নামে একটি নিউজ পোর্টালকে বলেছেন, এলাকায় গ্রামপ্রধানের ‘অনেক বিরোধ’ ছিল। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বাড়িতে অবৈধ কর্মকাণ্ড হচ্ছে কি না, সে বিষয়ে তল্লাশি চালাতে আসা কর্মকর্তার পরিচয় দিয়ে বাড়িতে ঢোকে বন্দুকধারীরা।
ক্রাবি প্রদেশের উপকূলীয় সৈকত ও দৃষ্টিনন্দন বাঁধগুলো দেখতে প্রতিবছর বহু পর্যটক ভিড় জমায়। তবে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মূল পর্যটন এলাকায় এ হামলা হয়নি।
থাইল্যান্ডে অনেকের কাছেই বন্দুক থাকে। অভ্যন্তরীণ কলহে বন্দুকের ব্যবহারের অহরহ ঘটনা রয়েছে। কিন্তু গণহত্যার জন্য সংঘটিত বন্দুক হামলা বিরল।


