দরিদ্রদের জন্য ৬ টন খাদ্য সহায়তা দিলেন মুসলিম রাষ্ট্রদূতরা

বিশেষ প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ৬ টন খাদ্য প্রদান করেছেন ঢাকায় কর্মরত মুসলিম রাষ্ট্রদূতরা।

শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের উপস্থিতিতে ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের নিকট ব্যক্তি পর্যায়ের এ খাদ্য সহায়তা শনিবার হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য মুসলিম রাষ্ট্রদূতদেরকে সাধুবাদ জানান।

এ খাদ্য সহায়তা হস্তান্তরের সময় মুসলিম রাষ্ট্রদূতদের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলিন, মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা প্রাইথেসমিয়ার্সি সোয়েম্যার্নো।

 

এসময় মুসলিম রাষ্ট্রদূতদের পক্ষে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। উল্লেখ্য ঢাকার জেলা প্রশাসক এ খাদ্য পরবর্তীতে দরিদ্র জনগণের মাঝে বিতরণ করবেন।