দলীয় প্রভামুক্ত থাকতে ইসির প্রতি নির্দেশনা রয়েছে

সচিবালয় প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি দলীয় প্রভাবমুক্ত, স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ দায়িত্ব পালন করতে প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সচিবালয়ে মঙ্গলবার দুপরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে বিষয়েও প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, দলে সাধারণ সম্পাদক হিসেবে আমিও বলতে চাই নারায়ণগঞ্জে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। সেই নির্বাচনে জনগণ যাকে খুশি তাকেই ভোট দেবে। এক কথায় আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী তিনটি কারণে বিজয়ী হবেন বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, প্রথমত, আওয়ামী লীগের প্রার্থী জনপ্রিয়, দ্বিতীয়ত, নারায়ণগঞ্জে সরকারের ব্যাপক উন্নয়নের জোয়ার আছে, তৃতীয়ত, বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ। তাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে নৌকা বিজয়ী হবে।