মেহেরপুর প্রতিনিধি : দলের ভেতরে অনুপ্রবেশকারীদের এবার ‘ফার্মের মুরগি’ বলে আখ্যায়িত করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে মেহেরপুর ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট ‘কাউয়া’ বলেছিলাম। এখানে ‘কাউয়া’ বলব না। তবে এখানেও মনে হয় ‘ফার্মের মুরগি’ ঢুকে গেছে।
তিনি বলেন, আমাদের দেশি মুরগি দরকার, ফার্মের মুরগি নয়। ফার্মের মুরগি স্বাস্থ্যের পক্ষে ভাল নয়।
বিএনপি নেত্রীর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়নে তারা ঈর্ষান্বিত হচ্ছে। ভারতের সঙ্গে তিস্তা চুক্তির বিষয়ে তাদের মাথাব্যথা নেই। মাথাব্যথা হচ্ছে শেখ হাসিনার প্রতি ভারতের প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়ে।
অনুষ্ঠানের সভাপতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী আগামী ২০১৯ সালের সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।
এদিকে সকাল সাড়ে ১০টায় ওবায়দুল কাদের ও মোহাম্মদ নাসিমসহ নেতারা মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরে আম্রকাননে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে পুলিশ, আনসার, বিজিবি ও গালর্স গাইড সদস্যদের অভিবাদন গ্রহণ করেন অতিথিরা।
অভিবাদন শেষে আনসার-ভিডিপির একটি দল ‘হে তারণ্য রুখে দাঁড়াও’ শিরোনামে গীতিআলেখ্য উপস্থাপন করে। এর আগে মুজিবনগর সরকারের গার্ড প্রদানকারী জীবিত ৪ আনসার সদস্যকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এরপর বেলা পৌনে ১১ শেখ হাসিনামঞ্চে শুরু হয় আলোচনা সভা।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক এমপি, রাজশাহী সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন খান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগর, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল প্রমুখ। এ সময় মেহেরপুর ও আশপাশের কয়েকটি জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।


