কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে পুঠিয়া পর্যন্ত অন্তত ১৮ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
কুমিল্লা থেকে ঢাকা যেতে ২ ঘণ্টার পথ এখন লাগছে ৮-৯ ঘণ্টা। যানবাহনগুলো একসঙ্গে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এসে টোল পরিশোধের জন্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় যানজটে রূপ নেয়।
চার লাইনের গাড়ি ব্রিজে উঠতে গিয়ে দুই লাইনে চলাচলের কারণে ঢাকামুখী সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে রোগী, যাত্রী ও পণ্যবাহী যানবাহন।
কুমিল্লা রিজিওন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম জানান, মহাসড়কে পণ্যবাহী গাড়ির অতিরিক্ত চাপ আর টোলপ্লাজায় ধীরগতি যানজটের মূল কারণ। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।


