(১ ডিসেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বিশেষ প্রতিবেদন)
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় অদম্য তিন যুবক দারিদ্রতার কষাঘাতকে উপেক্ষা করে নিজের উপার্জনে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। হত দরিদ্র পরিবারে জন্মগ্রহন করে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার প্রত্যয় নিয়ে পড়ালেখার পাশাপাশি অন্যের বাড়িতে মজুরি করে সংসারের আর্থিক যোগান সহ নিজের খরচ বহন করছে। অভাবের সংসারে বাবা একমাত্র উপার্জনকারি বিধায় তার পক্ষে সংসারের ব্যয় নির্বাহ করে সন্তানের পড়াশুনার খরচ বহন করা দুষ্কর। এ অবস্থায় তাদের নিজ পকেট খরচ, পোষাক-পরিচ্ছদ, লেখাপড়ার খরচ এবং দিনমজুর পরিবারে প্রয়োজনের তাগিদে স্কুলের ফাঁকে তিন যুবক অন্যের বাড়িতে মজুরি কিংবা চুক্তি নিয়ে কাজ করে। সকালের প্রকৃতি যখন শান্ত, হালকা কুয়াশায় শিশির টলমল করছে, তখন তারা পড়াশুনা রেখে অন্যের জমিতে ধান কাটতে ব্যস্ত। তারা কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছে। এখন তাদের আর স্কুলে ক্লাস নেই। সেই অবসরে ধান কাটার চুক্তি নিয়ে দরিদ্র খেটে খাওয়া পরিবারে পিতাকে সাহায্য এবং নিজের বই খাতাসহ পড়ালেখার খরচ যোগাড় করছে। 
হেমন্তের ধান কাটার উৎসবে উপজেলার হাসিমপুর গ্রামে এরকম বিরল দৃশ্য চোখে পড়ল । তিন যুবক ধান কাটতে ব্যস্ত এবং একজন খাড়া ধানে বাঁশ দিচ্ছে। স্থানীয় বিকাশ রায়ের সাথে কথা বলে জানা যায়, দিনমজুর জগৎ রায়ের এক মেয়ে ও দুই ছেলের মধ্যে কৃষ্ণ রায় দ্বিতীয়, অরবিন্দু রায় বাবলুর ছোট ছেলে লিটন চন্দ্র এ বছর দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছে এবং রাজবিহারি অধিকারীর দুই ছেলের মধ্যে বড় ছেলে তুষার অধিকারী পাকেরহাট ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ছাত্র। আর অন্যজন অনিল চন্দ্র রায়ের ছোট ছেলে শুভ রায় প ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর অভাব অনটনের সংসারে একরকম বাধ্য হয়ে কাজে লেগে পড়ে। তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা লজ্জায় এড়িয়ে যায়। মুখ নিচু করে ধান কাটতে ব্যস্ত হয়ে পড়ে। তবে একটু অপেক্ষার পরে কৃষ্ণ রায়ের মা দিপালি রানী এবং তুষার অধিকারীর মা ননী বালা’র সাথে কথা হয়। পড়ালেখার সময় ছেলেদের অন্যের বাড়ীতে কাজ করার কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, অভাব অনটনের সংসারে নিজেদের পড়ালেখা ও পোষাক-পরিচ্ছদের খরচ যোগাতে তাদের ছেলেরা স্কুলের ফাঁকে ফাঁকে অন্যের বাড়ীতে কাজ করে। মাঝে মাঝে সংসারে টাকা দেয়। আরো জানা যায়, জগৎ রায়ের নিজের ভিটের মাটি টুকুও নেই। পার্শ¦বর্তী বিভূতি ভূষনের জমিতে বাড়ী করে আছে।
এছাড়া অন্য তিন অভিভাবকের ভিটে বাড়ীর জন্য চার-পাঁচ শতক জমি রয়েছে। তারা জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন দিন মজুরির উপর নির্ভরশীল। এরপরও শত অভাবে কৃষ্ণ, লিটন এবং তুষারের লেখাপড়া থেমে থাকেনি। তারা দারিদ্রতার বিরুদ্ধে প্রচন্ড লড়াই করে কোমল বয়স থেকে সংসারের আয়ে যোগান দেওয়া সহ নিজের পড়ালেখা দিব্যি চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দক্ষিণ গাড়পাড়া স্কুলের নাম প্রকাশে অনিচ্ছুক সহকারি শিক্ষকের সাথে কথা হলে তিনি জানান, ‘আমাদের স্কুলে যারা পড়ে, তারা কমবেশি সবাই গরিব। তারা কাজ করেই পড়ালেখার খরচ চালায়।’


