কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাট ছড়া সংলগ্ন এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে শনিবার কুড়িগ্রাম-রংপুর সড়কের আরডিআরএস বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে সর্বস্তরের কয়েকশ মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, নীলমাধব সরকার, দুলাল ব্যাপারী, আহাম্মদ আলী, দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, ব্যবসায়ী বেলাল হোসেন ও গোলাম রব্বানী প্রমুখ। বক্তারা বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ৩টি স্থানের চেয়ে দাশেরহাট ছড়া এলাকায় খাস জমির পরিমাণ বেশি। এই এলাকার পাশ দিয়ে সোনাহাট-রংপুর আঞ্চলিক মহাসড়ক চলে গেছে। শহরের সঙ্গে যোগাযোগ সুবিধার পাশাপাশি শহরে যানজটের সম্ভাবনা নেই। এখানে এক ফসলি জমি ও মৎস্য গবেষণার জন্য বিশালাকারের বিল রয়েছে। নদী ভাঙনের ঝুঁকি মুক্ত এই এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলেও দৃষ্টিনন্দন ও বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় স্থাপন হবে বলে মনে করেন এলাকাবাসী।


