দিশেহারা খামারীরা ২ হাজার পরিবারে নীরব কান্না; গো-খাদ্যের তীব্র সংকট

শেখ অাবু মুছা, তালা, সাতক্ষীরা  প্রতিনিধি; করোনা ভাইরাসের প্রভাবে উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়েছেন সাতক্ষীরার তালা উপজেলার দুগ্ধ খামারীরা। উপজেলায় প্রতিদিন প্রায় ৫০ হাজার লিটার উৎপাদিত দুধ বিক্রি করেই ২০ হাজার পরিবারের সংসার চলে । কিন্ত বর্তমানে খামারের উৎপাদিত দুধ বাইরে পাঠাতে না পারায় এলাকায় অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে খামারীরা। বর্তমানে এক লিটার দুধ মাত্র ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে তালা এলাকায়। অপরদিকে গাভী পালনে গো-খাদ্য সহ আনুসঙ্গিক অন্যান্য খরচও বৃদ্ধি পাওয়ায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুগ্ধ খামারীরা।

সরেজমিন দুগ্ধ পল্লী খ্যাত, সাতক্ষীরা তালা উপজেলার জেয়ালা ঘোষ পাড়ায় গিয়ে কথা হয়, কয়েকজন খামারীর সাথে, তারা জানান, জেয়ালা গ্রামেই প্রতিদিন প্রায় ২০ হাজার লিটার দুধ উৎপাদন হয়। খামারের দুধ বিক্রি করেই সংসার চলে অনেকের, কিন্তু করোনা ভাইরাসের কারণে কোন কোম্পানী বা দোকানীরা দুধ নিচ্ছে না। ফলে খামারীরা অনেকেই গরীবদের মাঝে ফ্রি তে বিলিয়ে দিচ্ছেন দুধ, আবার কেউ কেউ স্বল্প দামে বিক্রি করে দিচ্ছেন।

জেয়ালা ঘোষপাড়ার দুগ্ধ খামারী ও দুগ্ধ ব্যবসায়ী প্রশান্ত ঘোষ (৫২) জানান, তার নিজের খামারে ৩৫ টি গাভী রয়েছে, সেখানে প্রতিদিন আড়াই শ লিটার দুধ হয়। এছাড়া সমিতির ১৫ জন গোয়ালা ( দুধদহন কর্মী) রয়েছে, তারা প্রতিদিন ৪ হাজার লিটার দুধ সংগ্রহ করে থাকে। এখন দুধ বিক্রি না হলেও দুধ দহন তো বন্ধ কার যাবে না, তাই তাদের বেতন দিতে হচ্ছে, আবার খামারের শ্রমিকদের বেতন রয়েছে। সব মিলিয়ে আমার প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা লোকসান যাচ্ছে।

এভাবে আর কিছুদিন চললে তো দেওলিয়া হয়ে যাবো। দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি দিবস ঘোষ (৫৮) জানান, তার নিজের খামারের প্রতিদিন প্রায় ৩ শ’ লিটার দুধ শুধু মাখন তুলে ফেলে দিতে হচ্ছে, যাতে লিটার প্রতি মাত্র ১০/১২ টাকা উসুল হচ্ছে । সুকুমার ঘোষ (৫০) নামের এক খামারী জানান, দুধ কোম্পানী গুলো নিয়মিত দুধ নিচ্ছেনা, তাছাড়া তাদের টার্গেটের বাইরে দুধ নিচ্ছে না, একদিন নিলেও ২ দিন দুধ নেওয়া বন্ধ রাখছে। যেটা নিচ্ছে তার টাকাও বকেয়া পড়ে থাকছে, স্থানীয় বাজার বা গ্রামাঞ্চলে অল্প কিছু দুধ বেচে সামান্য কিছু টাকা উঠছে। স্থানীয় ইউপি সদস্য অরুণ কুমার ঘোষ, জানান, দুগ্ধ গ্রাম জেয়ালার উৎপাদিত দুধ সাতক্ষীরা, খুলনা ও যশোরের বাজার সহ বিভিন্ন কোম্পানীর কাছে বিক্রি হতো ।

কিন্তু করোনা ভাইরাসের কারণে বাইরে দুধ যাওয়া বন্ধ হওয়ায় খামারীরা আজ বিপদগ্রস্থ। দুধ বহনকারী চালক জুয়েল গাজী জানান, দুধ বহন করে তার সংসার চলতো। কিন্তু করোনার প্রভাবে রাস্তায় নামতে পারছে না। পার্শ্ববর্তী আটারই গ্রামের আবু হারেজ সরদারের পুত্র আল-আমিন সরদারের খামারে বর্তমানে ৩০টি গাভী রয়েছে, এরমধ্যে ১০টি গাভী প্রতিদিন ১শ’ লিটার দুধ দেয়। প্রতি লিটার দুধ বিক্রি হয় ৩৫ টাকায় বিক্রি করে বাকী গরুর খাবার জোগাড় হতো। কিন্তু এখন একদিকে পানির দামে দুধ বিক্রি করতে হচ্ছে, অপর দিকে গো-খাদ্যের তীব্র সংকট।

সাতক্ষীরার তালা উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাস বলেন, অত্র উপজেলায় উৎপাদিত দুধ এক-তৃতীয়াংশ অবিক্রিত থাকছে। এসব দুধ দিয়ে ঘি, ছানা, মাখন তৈরি করে তা বাজারজাত করতে উৎসাহিত করা হচ্ছে খামারীদের। এতে করে অর্থনৈতিক সাপোর্টের পাশাপাশি এলাকায় পুষ্টির চাহিদা পুরন হবে।

সাতক্ষীরা জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, অত্র জেলা গরুর দুধে সমৃদ্ধ। জেলায় প্রতি বছর ১.৯০ লাখ মেট্রিক টন দুধ উৎপাদন হয়। যারমধ্যে এক তৃতীয়াংশ উৎপাদন হয় তালা উপজেলাতে। দেশের বর্তমান পেক্ষাপটে অবিক্রিত দুধের সঠিক ব্যবহারে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে খামারীদের ।