নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই দল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে পিস্তল ও গুলি। রোববার ভোররাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, রাত সাড়ে ৩টার দিকে আড়াইহাজার উচিৎপুরা সড়কের মরদাসাদী এলাকার রাস্তায় দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে টহল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার ডান পাশে জাকির হোসেন (৩৫) নামের একজন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ডাকাত জাকির হোসেন ঢাকার দক্ষিণখান থানার গোয়ালটেক এলাকার নুরু মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে।


