দুই মাসের মধ্যে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে দলটির শীর্ষ নেতৃত্বের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এ সভা।

সভা শেষে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম জানান, আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে দলের ‘কমিটি পুনর্গঠন’ করা হবে। পাশাপাশি আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে।

পোস্টে সারজিস বলেন, এনসিপি, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতিটি জেলায় ‘সাংগঠনিক সমন্বয়’ সভা করা হবে। স্থানীয় পর্যায়ে একক নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর থেকে প্রতিটি জেলার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা শুরু হবে।

তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করে খুব দ্রুত দেশের প্রতিটি ঘরে এনসিপির একজন করে সদস্য থাকবে, ইনশাআল্লাহ।