ঠাকুরগাঁওয়ের দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালামের জুয়া খেলা ও ইয়াবা সেবনের অভিযোগ তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
সেই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম তার সহযোগীদের নিয়ে ইউনিয়ন পরিষদে জুয়া ও মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। উক্ত বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে নিজে অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো. যোবায়ের হোসেন জানান, জেলা প্রশাসনের প্রেরিত চিঠি হাতে পেয়েছি। চিঠির সাথে সংবাদপত্রের কপি ও একটি ভিডিও দেওয়া হয়েছে। আশা করছি সময় মতো তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া যাবে।
উল্লেখ, কয়েকদিন আগে দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম তার সহযোগীদের নিয়ে ইউনিয়ন পরিষদে জুয়া ও মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগে গণমাধ্যমে সংবাদ পরিবেশন হয়। সেই সাথে চেয়ারম্যান ও সহযোগীরা জুয়া ও মাদক সেবন করছেন এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


