দুটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও নির্বাচন কমিশন।

বুধবার টানা বৃষ্টি উপেক্ষা করে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট প্রয়োগ করতে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা।

আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কে হচ্ছেন নতুন পৌরপিতা, এ নিয়ে এলাকার ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোটাররা আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রার্থীদের রাজনৈতিক ও ব্যক্তিগত দিক বিশ্লেষণ করছেন এবং কে নির্বাচিত হলে নাগরিক সুবিধা পাওয়া যাবে, সেটি দেখছেন।

এ দুটি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আড়াইহাজার পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আড়াইহাজার উপজেলা বিএনপি মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার।

অপরদিকে, গোপালদী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ হালিম সিকদার। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন মুশফিকুর রহমান।

আড়াইহাজার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৮৮ জন এবং নারী ভোটার ১০ হাজার ৪৫৯ জন।

অপরদিকে, গোপালদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৫৪৪ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৭৮৪ জন। আড়াইহাজার পৌরসভার সবগুলো (৯টি) কেন্দ্র ও গোপালদী পৌরসভার ১১টির মধ্যে ৪টি ভোটকেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মইনুল হক বলেন, ‘দুটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখনো কোথাও কোনোরকম বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি।’

প্রতিটি সাধারণ কেন্দ্রের জন্য দায়িত্ব পালন করছেন পুলিশের একজন উপপরিদর্শক, পাঁচজন অস্ত্রধারী পুলিশ সদস্য ও ১৪ জন আনসার সদস্য। আর অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য একজন পুলিশের উপপরিদর্শক, একজন এএসআই, পাঁচজন অস্ত্রধারী পুলিশ সদস্য ও ১৪ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। স্টাইকিং ফোর্স হিসেবে র‌্যাবের আটটি টিম দুই পৌরসভা এলাকায় টহল দিচ্ছ। প্রতিটি ভোটকেন্দ্রে শান্তি, শৃঙ্খলা রক্ষায় ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটটি মোবাইল কোর্ট রয়েছে।