ডেস্ক রিপোর্ট : শনিবার দুপুরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। আমাদের দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়েছিল ১৯৭১ সালে। সেই সম্পর্ক বর্তমানে নতুন মাত্রা পেয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তিনি (মোদি) নিজের দেশকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি আমাদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছেন। একই সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ-ভারত সম্পর্ককেও।’
এরপর বাংলায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বলেন, ‘১৪ এপ্রিল আমাদের বাংলা বছরের প্রথম দিন। আমি বাংলায় বলতে চাই, আগাম শুভেচ্ছা। আমাদের দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়েছিল ১৯৭১ সালে। আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছে। এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সব সময় ভারতবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ।’
এর আগে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত বৈঠকের পর দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ হাসিনা।


