কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে পুরুষাঙ্গ কর্তনে মাহবুব (৩০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, উপজেলার সদর ইউনিয়নের দাঁড়পাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীর সাথে যুবক মাহবুবের অনৈতিক সম্পর্ক ছিল। মঙ্গলবার বিকেলে সেই নারীর ঘরে ঢোকার পর তার পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়। এসময় মাহবুব চিৎকার দিয়ে উঠলে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যায়। অধিক রক্তক্ষরণে ফলে রাত ৯টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। মাহবুব একই উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আল্লারদর্গা হলুদবাড়ীয়া গ্রামের মৃত সাইদ মাষ্টারের পুত্র। নিহতের পরিবারের দাবি, মাহবুবের সঙ্গে স্বামী পরিত্যক্তা ওই নারীর ভগ্নিপতির ছোট ভাই ওদুদ টাইগারের বিরোধ তৈরি হয়েছিল। সেই সূত্র থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে। দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন জানান, ঘটনার পরপরই ভিকটিম ওই নারীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


