ক্রীড়া ডেস্ক : যদিও এই ইনিংস খেলার পথে একটা রেকর্ড ঠিকই গড়েছেন মানরো। বাঁহাতি এই ব্যাটসম্যান ফিফটি তুলে নেন ১৮ বলে। যেটি টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম ফিফটি। সব মিলিয়ে যৌথভাবে চতুর্থ দ্রুততম।
নিউজিল্যান্ডের দ্রুততম ফিফটির রেকর্ডও মানরোর। ২০১৬ সালের জানুয়ারিতে তিনি অকল্যান্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করেছিলেন মাত্র ১৪ বলে। মানরো ভাঙেন মার্টিন গাপটিলের ১৯ বলে ফিফটির আগের রেকর্ড।
২০১৪ সালের ১ জানুয়ারি কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। সেই ইনিংসের চতুর্থ বছর পূর্তি আজ। আর এদিনই সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তেমন একটা ঝোড়ো সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারলেন না কলিন মানরো। মাইন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩ বলে ৬৬ রান করে আউট হয়েছেন কিউই এই ওপেনার।
মানরোর ১৪ বলে ফিফটি বিশ্ব রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে আছে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফটি সবার ওপরে।
আজ মানরো ওপেনিংয়ে নেমে মুখোমুখি দ্বিতীয় বলে চার হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন। পঞ্চম ওভারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রাফেটকে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৮ বলে পূর্ণ করেন ফিফটি।
পরের ওভারে তো কেসরিক উইলিয়ামসের প্রথম চার বলে হাঁকান টানা চারটি চার! অবশ্য পরের বলেই রোভম্যান পাওয়েলকে ক্যাচ দিয়ে ফেরেন।
২৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৬৬ রানের ঝোড়ো ইনিংসটি সাজান মানরো। অর্থাৎ তার ৬৬ রানের ৬২-ই এসেছে বাউন্ডারি থেকে! সঙ্গে ছিল একটি ডাবল ও দুটি সিঙ্গেল।


