ক্রীড়া ডেস্ক : ২-২ গোলে ড্র হয়েছে স্পেন এবং মরক্কোর ম্যাচ। ড্র করলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্পেন। রানার্সআপ হয়েছে পর্তুগাল।
বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হয়। প্রায় ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম কালিননগ্রাড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
স্কোর: স্পেন ২ : ২ মরক্কো
অন্তিম মুহূর্তে স্পেনের গোল: দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্পেনের জয়ে জাদু দেখান লাগো আসপাস। ৯১তম মিনিটে দানি কারভাহালের পাস থেকে পা ছুঁইয়ে গোল করেন আসপাস। তাতেই রক্ষা স্পেনের। ২-২ গোলে সমতায় দুই দলের মহারণ।
আবারও এগিয়ে গেল মরক্কো: বদলি হিসেবে নেমে অসাধারণ গোল করলেন এন নেসরি। কর্ণার থেকে ফজরের ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান ৭১ মিনিটে মাঠে নামা নেসরি। ১০ মিনিটেই দলকে গোলের স্বাদ দিলেন নেসরি।
দুর্দান্ত ইসকো: স্পেনের হয়ে শেষ ১৫ ম্যাচে ১২ গোলে সরাসরি অবদান রেখেছেন ইসকো। ১০ গোল ইসকো নিজে করেছেন, ২টিতে অ্যাসিস্ট করেছেন।
ইসকো সমতা ফেরাল: পিছিয়ে পড়ার ৫ মিনিট পর সমতায় ফিরল স্পেন। ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন ইসকো। ইনিয়েস্তার বাড়ানো পাসে ডি বক্সের ভেতরে টোকা দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ইসকো।
চমকে দিল মরক্কো: শুরুতেই এগিয়ে গেল মরক্কো। স্পেনের রক্ষণ ভেঙে গোল দিয়েছে তারা। গোলদাতা খালিদ বাতাইব। ইনিয়েস্তা ও রামোসের ভুল বোঝাবুঝিতে বল পেয়ে যান বাতাইব। জেরার্ড পিকে বল আটকাতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। ডেভিড ডি গিয়ার দুই পায়ের মাঝ দিয়ে বল জালে জড়ান মরক্কোর এ তারকা ফুটবলার। বিশ্বকাপে এটি মরক্কোর প্রথম গোল। ম্যাচের শুরুতেই চমকে দিল মরক্কো।
শূন্য হাতে ফিরবে মরক্কো? প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে মরক্কো। পাঁচবার বিশ্বকাপে অংশ নিয়ে চারবারই গ্রুপ পর্ব থেকে বাদ পরে দলটি। ১৯৮৬ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলার সৌভাগ্য হয়েছিল মরক্কোর।
পরিসংখ্যান: এ নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে স্পেন ও মরক্কো। আগের দুই মুখোমুখিতেই জয় পেয়েছিল স্পেন। ১৯৬২ বিশ্বকাপের বাছাই পর্বে ঘরের মাঠে মরক্কোকে ৩-২ এবং ওদের মাঠে ১-০ গোলে হারায় স্পেন।


