‘ধর্ষক’ রাম রহিমের ভক্তদের তাণ্ডব ঠেকাতে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষক প্রমাণিত ভারতের বিতর্কিত কিন্তু জনপ্রিয় ধর্মগুরু রাম রহিমের ভক্তদের তাণ্ডব ঠেকাতে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনী, দাঙ্গা পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের বিক্ষুব্ধ শহরগুলোতে টহল দিচ্ছে।

শুক্রবার ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার হাজারো ভক্ত ও অনুসারী রাস্তায় নেমে বিক্ষোভ ও বিধ্বংসী তাণ্ডব চালায়। ট্রেন ও গাড়িতে আগুন দেয় এবং বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালায়।

শনিবারও রাম রহিমের ভক্তরা বিক্ষোভ করার চেষ্টার করছে। তাদের রুখতে পাঞ্জাব, হরিয়ানার ১২টি জেলায় কারফিউ জারি করা হয়েছে। দিল্লি ও উত্তর প্রদেশের কয়েকটি শহরে জমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন। এ অবস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সব ধরনের নিরাপত্তা বাহিনী।

এনডিটিভি খবরে বলা হয়েছে, শনিবার হরিয়ানায় রাম রহিমের প্রধান কার্যালয়ে লাক্ষাধিক লোক জড়ো হয়েছে। তার সিরসার কার্যালয়ে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দিতে সেখানে প্রবেশ করেছে নিরাপত্তা বাহিনীর সশস্ত্র সদস্যরা।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পরিস্থিতি খুবই উত্তেজিত কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। সবশেষ অবস্থা নিয়ে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

রাম রহিমের সিরসা কার্যালয়ে ধর্মগুরুর যেসব ভক্ত অবস্থান নিয়েছে, মাইকিং করে তাদের বের হয়ে যেতে বলছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন। গত রাতে গুরুর ৫০ ভক্তকে গ্রেপ্তার করেছে প্রশাসন। এ নিয়ে প্রায় আড়াই হাজার ভক্ত ও অনুসারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাম রহিমের আমবালা, কুরুক্ষেত্র, কাইথাল ও পাঁচকুলা কেন্দ্র সিলগালা করে দিয়েছে প্রশাসন। হরিয়ানার সব কার্যালয়ে তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সহিংসতার জন্য রাজনৈতিক তৎপরতাকে দায়ী করেছেন। আদালত বলেছেন, রাজনৈতিক কারণে এই তাণ্ডব করতে দেওয়া হয়েছে। রাম রহিমের সব কার্যালয় ও আশ্রম জব্দ করে সেগুলো বিক্রির অর্থ থেকে তার ভক্তদের ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ধর্ষণে দোষী প্রমাণিত রাম রহিমের সাজা ঘোষণা করা হবে সোমবার। শুক্রবার গ্রেপ্তারের পর তাকে রোতাক জেলে রাখা হয়।

শুক্রবার আদালত প্রাঙ্গণে ভক্তদের চাপে নিরাপত্তার খাতিরে তাকে হেলিকপ্টারে করে আনা হয়। রায়ের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে কারাগারে নেওয়া হয়।

রাম রহিম ভারতে ব্যাপক জনপ্রিয়। ভারতে মাত্র ৩৬ জন ব্যক্তি জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে তিনি একজন। ৫০ বছর বয়সি এই ধর্মগুরু সমাজের প্রান্তিক জনগোষ্ঠী ও দলিত শ্রেণির মধ্যেও জনপ্রিয় মুখ। সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। বৃক্ষরোপন, রক্তদান, যৌনকর্মীদের জীবনমানের উন্নয়ন ঘটানোসহ সমাজের কল্যাণে তার আরো কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে।

তিনটি সিনেমায় অভিনয় করা এই ধর্মগুরু ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক জনপ্রিয়। তার নিজের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ছয় কোটি ভক্ত রয়েছে তার। এ ছাড়া সংগীতেও তার দখল রয়েছে। ছয়টির বেশি বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী তিনি। বেশির ভাগ সময়ে খালি গায়ে থাকতে পছন্দ তার। তবে চাকচিক্য ও জৌলুশও তার পছন্দ। বাহারি গহনা ব্যবহার করেন তিনি।

১৯৬৭ সালে ভারতের রাজস্থানে জন্মগ্রহণকারী গুরমিত সিং মূলত রাম রহিম নামেই বেশি পরিচিত। তিন মেয়ে ও এক ছেলের বাবা রাম রহিম গোপন ডেরায় থাকতে স্বাচ্ছন্ধ্য বোধ করেন। তার ডেরার নিরাপত্তার দায়িত্বে থাকেন নারীরা। তার সেবায় শুধু নারীরাই কাজ করেন। নারীপ্রিয় রাম রহিমের বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। তার দুই ভক্তসেবিকার ধর্ষণ মামলায় তিনি দোষী প্রমাণিত হয়েছেন। ১৯৯৮ ও ১৯৯৯ সালের ওই ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ২০০৯ ও ২০১০ সালে তার বিরুদ্ধে মামলা হয়। ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এই মামলার তদন্ত করে।