ধানের শীষের প্রার্থী কিবরিয়াপুত্র, নৌকার প্রার্থী নেই

জেলা প্রতিনিধি: হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া।

এ আসনে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ ও তার শরিক দল। তবে শেষ পর্যন্ত দল থেকে কাকে মনোনয়ন দেয়া হয় সেটি দেখার অপেক্ষা করতে হবে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাছানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের পক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে লড়বেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরাম। এবার ঐক্যফ্রন্টের সব প্রার্থীর প্রতীক ধানের শীষ।

নিজের বাবার দলে যোগ না দিয়ে ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, বাবার মতো আমিও দলের চেয়ে দেশের স্বার্থে কাজ করতে চাই। এ জন্য ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছি।

গত ১৮ নভেম্বর রাজধানীর মতিঝিলে গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে দলের মনোনয়ন ফরম জমা দেন রেজা কিবরিয়া। পরে দল থেকে তাকে ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা করা হয়।