জেলা প্রতিবেদকঃ ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজার এলাকায় ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৭ মে) সকালে সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পানাইজুরি গ্রামের ফজল হকের ছেলে। তিনি পেশায় একজন চানাচুর বিক্রেতা ছিলেন।
ওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা জানান, সকালে ওই আঞ্চলিক সড়ক দিয়ে একটি ভ্যানে করে বেকারি পণ্য (চানাচুর) নিয়ে কাওয়ালীপাড়া বাজার থেকে কালামপুরের দিকে যাচ্ছিলেন শফিকুল। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয় এবং আহত হন ভ্যানচালক।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ভ্যানচালক স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


