নওগাঁয় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

সড়ক দুর্ঘটনা

জেলা প্রতিবেদকঃ নওগাঁয় ট্রাকের ধাক্কায় কাজি রকিব (৩৮) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পাহাড়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রকিব সদর উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত কাজি সেকেন্দার আলীর ছেলে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, রকিব ভ্যান নিয়ে নওগাঁ শহরের দিকে আসছিলেন। এসময় বদলগাছীগামী একটি ট্রাক ওই মোড়ে পৌঁছে ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ভ্যানে থাকা রকিব ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।