জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নওগাঁর মান্দায় সোলাইমান কাজী (৫৮) নামে এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোলাইমান কাজী উপজেলার পরানপুর ইউনিয়নের সুনাপুর গ্রামের মৃত জবুলাল কাজীর ছেলে।
রাজশাহী মেডিক্যালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, বুধবার (০৮ এপ্রিল) শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়া নিয়ে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয় সোলাইমানকে। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশনে রাখা হয়। ভোরে তিনি মারা যান।
তিনি আরও জানান, যেহেতু তার মধ্যে করোনার কিছু উপসর্গ ছিল তাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কী না।


