নওগাঁঃ নওগাঁর সাপাহারে যাত্রীবাহী বাসের ধাক্কায় বীরেন পাহান (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বাসটিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যানের যাত্রী এক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সাপাহার-খঞ্জনপুর সড়কের তালকুড়া মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বীরেন জেলার পত্নীতলা উপজেলার আদিবাসীপাড়ার যোগো পাহানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বীরেন পাহান ও রতন ব্যান্ড দলের বাদক। তারা উপজেলার খঞ্জনপুর আদিবাসী পাড়ায় একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় তাদের ভ্যানে করে সাপাহার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক বীরেন পাহান ঘটনাস্থলেই মারা যান। ভ্যানে থাকা অপরজন রতন গুরুত্বর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।


