সিপি. ইনভেস্টিগেশন এজেন্সি: রাজধানীর উত্তরা ফায়দাবাদ মৌজায় রাজউকের অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে প্রশাসনিক কার্যক্রম নিয়ে। অভিযোগ অনুযায়ী, একাধিক ১০ তলা ভবন—আল-ইনসাফ টাওয়ার, কদম আলী টাওয়ার এবং সূর্যমুখী টাওয়ার—রাজউকের নকশা ব্যত্যয় করে নির্মাণ করা হয়েছে।
অনুসন্ধানী সংস্থার দাবি, এ বিষয়ে তারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যানসহ একাধিক দপ্তরে মোট চার দফায় লিখিত অভিযোগ করেছে। প্রথম অভিযোগ করা হয় ০৭/১২/২০২৫ তারিখে, এরপর ২১/০১/২০২৬, ২৩/০২/২০২৬ এবং ০৯/০৩/২০২৬ তারিখে পুনরায় অভিযোগ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যমুখী টাওয়ারসহ সংশ্লিষ্ট ভবনগুলোর জমির মালিকানা ও দলিল নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, জমির প্রকৃত মালিক রেজাউল করিম ভূইয়া প্রায় ২০ বছর আগে মৃত্যুবরণ করেছেন এবং তার স্ত্রীও বহু বছর আগে মারা গেছেন। এ অবস্থায় ২০২০ সালে সম্পাদিত একটি আম-মোক্তারনামা দলিল নিয়ে প্রশ্ন উঠেছে।
তথ্য অনুযায়ী, ২০/১০/২০২০ তারিখে সম্পাদিত ওই দলিলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (কনসুলার) মো. আতাউল হক ১০/১১/২০২০ তারিখে সত্যায়িত করেন। তবে দলিলের বৈধতা নিয়ে এখন সংশয় প্রকাশ করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, উক্ত আম-মোক্তারনামার ভিত্তিতে জমি বিক্রি ও হস্তান্তর করা হয়েছে প্রায় ১ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকায়। তবে স্থানীয়দের দাবি, একই এলাকায় বর্তমানে জমির বাজারমূল্য অনেক বেশি।
এ ঘটনায় অনুসন্ধানী সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, দুদক, রাজউক, ভূমি অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ডেসকোসহ মোট ১১টি দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ ও তথ্য চেয়ে আবেদন করেছে। তথ্য অধিকার আইন অনুযায়ী ট্রেজারি চালান দিয়ে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশনা থাকলেও তা কার্যকর হয়নি বলে দাবি করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে—সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে একই ধরনের অভিযোগ চলতে থাকলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় নগর পরিকল্পনা ও ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে জনমনে আস্থাহীনতা তৈরি হচ্ছে।


