ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসব কমিটির প্রস্তাব উত্থাপন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসাইন, বরিশাল-৫ আসনের মো. মুজিবুর রহমান, চট্টগ্রাম-৬ আসনের গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মানিকগঞ্জ-১ আসনের এস এ জিন্নাহ কবির, সংরক্ষিত মহিলা আসন-৩২-এর নাদিয়াত পাঠান পাপন, সংরক্ষিত মহিলা আসন-২২-এর মোসাম্মদ সামা আক্তার, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম এবং পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর।
নতুন কমিটির সভাপতি হিসেবে মুন্সী রফিকুল আলম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংশ্লিষ্ট বিষয়ে সংসদে সুপারিশ প্রদান এবং মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করতে কমিটির কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সরকারের কর্মকাণ্ডে সংসদীয় নজরদারি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিকে, একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়েছে।


