নতুন দায়িত্বে শাহাদাত হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসব কমিটির প্রস্তাব উত্থাপন করেন।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট-২ আসনের মোহাম্মদ রফিকউদ্দিন বাবুল, মৌলভীবাজার-৪ আসনের মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, বগুড়া-৪ আসনের আবু ওয়াহাব আকান্দ ওয়াহিদ, সংরক্ষিত মহিলা আসন-১৪-এর মোসাম্মদ সাবিরা সুলতানা, ফেনী-৩ আসনের মোহাম্মদ গোলাম রসুল এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রায়হান সিরাজী।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সরকারের কর্মকাণ্ডে সংসদীয় নজরদারি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে, একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়েছে।