ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও গঠন করা হয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে এসব কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন পার্বত্যাঞ্চল বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলালউদ্দিন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, রাঙ্গামাটি আসনের দীপেন দেওয়ান, চট্টগ্রাম-১২ আসনের মোহাম্মদ এনামুল হক, যশোর-২ আসনের মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সরকারের কর্মকাণ্ডে সংসদীয় নজরদারি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিকে, একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়েছে।


