নতুন মন্ত্রিসভাকে ক্যাব চট্টগ্রামের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: চতুর্থবারের মতো ও টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নবনিযুক্ত মন্ত্রিপরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের ক্রেতা-ভোক্তাদের জাতীয় স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সোমবার ক্যাব চট্টগ্রাম নগর ও বিভাগীয় কমিটি পক্ষ থে‌কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানা‌নো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভা, জাতীয় সংসদ সদস্যরা সরকারের দিনবদলের সনদ অনুযায়ী বাংলাদেশকে স্বল্পন্নোত দেশ থেকে মধ্য আয়ের দেশে উপনীত করা, দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় প্রশাসনিক কাঠামোতে সংস্কার আনতে সক্ষম হবেন। দেশের মানুষ নাগরিক হিসাবে যোগ্য সম্মান পাবে, একই সাথে নাগরিকের মৌলিক অধিকার বিশেষ করে ভোক্তা অধিকার (সুশিক্ষা, সুচিকিৎসা, নিরাপদ খাদ্য, জ্বালানি নিরাপত্তা, বস্ত্র, নিরাপদ আবাসন, নিরাপদ সড়ক যাতায়ত, আইসিটি, ব্যাংকিং ও আর্থিক অধিকারগুলো) সুরক্ষিত হবে। নাগরিককের মুক্তচিন্তা ও মতামতের প্রতিফলন ঘটানোর অধিকারগুলো রাষ্ট্র নিশ্চিত করবে।

ক্যাব চট্টগ্রাম পক্ষ থে‌কে আশা করা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, মজুদদারি, ফড়িয়া ও কালোবাজারী নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বাজারে অসাধু সংঘবদ্ধ ব্যবসায়ী বা সিন্ডিকেট রোধে প্রতিযোগিতামূলক আইনে এর যথাযথ প্রয়োগ, পণ্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলনে প্রাইস কমিশন গঠন ও বাস্তবায়ন, পণ্যমূল্যের সিন্ডকেট, বাণিজ্যে অনৈতিকতা রোধ কর‌বে।

ক্যাবের পক্ষ থে‌কে আরও আশা করা হয়, সব সেবা-সার্ভিসে অব্যবস্থা নিরসনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ পরিবর্তন-পরিমার্জন করা, টিসিবিকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা; শহর-নগরে বসবাসকারী নাগরিকদের জীবনমান রক্ষায় বিদ্যমান “বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১” পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে জনস্বার্থে তা কার্যকর কর‌বে।

এছাড়া সহজশর্তে দীর্ঘমেয়াদি কিস্তিতে পরিশোধের সুযোগ দিয়ে নগরে বসবাসরত নিম্নধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট বরাদ্দের ব্যবস্থা করা, সহজশর্তে গৃহনির্মাণ ঋণ, খাদ্যে ভেজাল, ফরমালিন মিশ্রণরোধে নিারপদ খাদ্য আইন বাস্তবায়ন জোরদার করা, বর্তমান গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানো, রেলের আধুনিকায়ন ও সম্প্রসারণ করা, নাগরিকসেবা প্রদানকারী সংস্থাসমূহের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষে ভোক্তা প্রতিনিধি নির্বাচনে ক্যাব প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ বাজার তদারকিকে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের অত্যাবশ্যকীয় কাজের আওতায় আনার জন্য প্রজ্ঞাপন জারি, সরকারিভাবে ব্যবসায়ী সংগঠনগুলোর পৃষ্ঠোপোষকতার পাশাপাশি ভোক্তা অধিকার সংগঠনগুলোকেও পৃষ্ঠপোষকতা প্রদান, ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা, গ্রাহকদের অধিকার সুরক্ষা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় গ্রাহকদের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা, কৃষি খাতে ভর্তুকি ও প্রণোদনা বাড়ানো, কৃষকের পণ্যের বিক্রয়মূল্য ও খোলাবাজারে খুচরা বিক্রয়মূল্যের একটি সীমা নির্ধারণ, খুচরা বাজারে মূল্য বৃদ্ধিকারীদের শনাক্ত করে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।

একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রশাসনের সর্বস্তরে ই-গভর্নেন্স সেবা, সরকারি জনসেবার তথ্য জানতে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ কার্যকর কর‌বে।