জেলা প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভা এলাকা ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও প্রশাসন আজ শুক্রবার সকাল থেকে ২০ জুন পর্যন্ত পৌর এলাকায় জরুরিসেবা ছাড়া যান ও নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে।
গতকাল বৃস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়ার পর রাতে এক গণবিজ্ঞপ্তি জারি করে লকডাউনের ঘোষণা দেন ইউএনও মোহাম্মদ মাসুম ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত নবীনগর উপজেলায়। এ পর্যন্ত শনাক্ত ৯৫ জন। মারা গেছে দুই জন। প্রতিদিন নবীনগরে করোনার রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় ইউএনওর কার্যালয়ে উপজেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত কমিটির জরুরি সভা ডাকা হয়। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ মাসুম।
গেল কয়েক দিনে পৌর এলাকাতে ৫৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছে দুইজন । সে কারণে পৌরসভার এলাকার কলেজপাড়া, টিএনটিপাড়া, উপজেলা পরিষদ এলাকা, হাসপাতালপাড়া, ভোলাচং দাসপাড়া ও এর আওতাধীন ঋষিপাড়াকে রেড জোন হিসেবে চিহ্নিত করে নবীনগর পৌর এলাকাকে লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটি। এসব এলাকায় আজ ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাতে এক গণবিজ্ঞপ্তি জারি করে লকডাউনের ঘোষণা দেন ইউএনও মোহাম্মদ মাসুম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, উপজেলায় এখন পর্যন্ত এক হাজার ১০১ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫৫ জন পৌর এলাকার বাসিন্দা। দুইজন মারা গেছেন।২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ইউএনও মোহাম্মদ মাসুম বলেন, রেড জোনে প্রশাসনের কড়া নজরদারি থাকবে। জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলতে হবে এবং চলাচল করতে হবে। মাস্ক না পরলে এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হলেও জরিমানা করা হবে।


