নিজেস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেমিনার কক্ষে নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণের সময় প্রায় ৫০/৬০ জন ছাত্রলীগ কর্মী এই হামলা চালায়। এ সময় তারা সাজানো মঞ্চ, বাদ্যযন্ত্র, চেয়ার ও টেবিল ভাঙচুর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা অনুষ্ঠান শুরুর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে ছাত্রলীগের প্রায় ৫০/৬০ জন কর্মী এসে ভাঙচুর শুরু করে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করি, তারা আমাদের কথা না শুনে ভাঙচুর চালায়। আমরা নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগকে আমন্ত্রণ না দেওয়ায় তারা এ ভাঙচুর চালায়।’
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. মীর মোজাম্মেল হক বলেন, ‘শিক্ষার্থীদের ফোন পেয়ে বিভাগে আসি, এসে দেখি সব ভাঙাচোরা। আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভাইস চ্যান্সেলরকে বিষয়টি জানিয়েছি। দোষীদের শাস্তির জোর দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তি দেওয়া হবে।’
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


