নরসিংদী :আহতদের নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতাল ও বিভিন্ন বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার চারাবাগ, সদর উপজেলার বাগহাটা ও মাধবদী এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকার সুলতান উদ্দিনের ছেলে ইয়ামিন মিয়া (২৩), রায়পুরা উপজেলার মরজাল এলাকার হাফিজ উদ্দিনের ছেলে ডালিম মিয়া (১৭), একই এলাকার সুরুজ মিয়া ছেলে সোহাগ মিয়া (১৭), আসাদ মিয়ার ছেলে রমজান মিয়া (১৭), ময়মনসিংহের রতন (৪৪), নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বেলাটি গ্রামের তাহের উদ্দিন তাহুর ছেলে নয়ন (২৬), সদর উপজেলার মাধবদী বিরামপুর মহল্লার ব্যবসায়ী মুকবুল হোসেন (৫২), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাহাদুরপুরের কামরুল (৩৫) ও তার স্ত্রী মানসুরা বেগম ( ২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১১-৬৫৬৪) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার মাধবদী পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মুকবুল হোসেন, পথচারী রতন মিয়া ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক নয়ন মারা যায়। এ সময় বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বাসটি আটক করলেও বাসের চালক ও চালকের সহকারীরা পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
একই সময় একই সড়কের বাগহাটা নামক স্থানে নরসিংদী থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুইজন আরোহী কামরুল ও তার স্ত্রী মানসুরা নিহত হয়।
সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কে রায়পুরা উপজেলার চারাবাগ এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অনন্যা পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়। পরে স্থানীয়রা যাত্রীবাহী বাসটি আটক করতে পারলেও চালক ও তার সহকারীকে আটক করতে পারেনি।


