নরসিংদীতে স্বামীর পর স্ত্রী করোনায় আক্রান্ত

জেলা প্রতিবেদকঃ  নরসিংদীতে স্বামীর পর স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নরসিংদী জেলায় চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি জানান।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, মঙ্গলবার জেলা হাসপাতালের এক মালির করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ  পাঠায় জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। আইইডিসিআর এ পরীক্ষার পর গত বুধবার নরসিংদী জেলা হাসপাতালের মালির করোনা পজেটিভ ধরা পড়ে। ওই মালি জেলার রায়পুরা উপজেলার ডৌকার চর ইউনিয়নের বাসিন্দা। এরপর তার স্ত্রী ও তিন সন্তানসহ হাসপাতালের পাঁচজন ডাক্তার ও নার্সকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। পরে মালির সংস্পর্শে আসা হাসপাতালের ১১ জন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। শনিবার নমুনা পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ আসলেও মালির স্ত্রীর (৩৫) করোনা পজেটিভ ধরা পড়ে। তাকে জেলা হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে চিকিৎসা করা হবে।
নরসিংদী জেলা পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার বলেন, নরসিংদী জেলায় লকডাউন চলছে, সীমান্ত প্রবেশ পথ বন্ধ সেহেতু অত্যাবশকীয় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। মানুষের স্বাস্থ্যগত অসুবিধা যাতে না হয় এজন্য টেলিফোনে বা গিয়ে জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আমাদের দুইটি অ্যাম্বুলেন্স, এমআই (পুলিশের মেডিকেল ইনস্ট্রাক্টর), ফ্রি ওষুধ সামগ্রী নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে যৌথভাবে প্রতিদিন টিমগুলো কাজ করবে। এছাড়া হটলাইন নাম্বারে যে কেউ ফোন করলে টেলিফোনে চিকিৎসা সেবা দিতে পারবে, প্রয়োজনে মানুষের দ্বারপ্রান্তে গিয়ে চিকিৎসা দেওয়া হবে।