জেলা প্রতিবেদকঃ বরিশাল জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের সবাই বরতমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন। এই নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ৩১ জনের করোনা শনাক্ত হলো।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। শেবাচিমের মাইক্রোবায়োলোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ৭ জনের করোনা পজিটিভ আসে।
নতুন শনাক্তদের মধ্যে বাবুগঞ্জের দুই জন (নারী-৩৬ ও পুরুষ-২৬), বানারীপাড়ার দুই জন (নারী-১৭ ও পুরুষ-৪০), উজিরপুরের এক জন (পুরুষ-৩৮), বরিশাল মহানগরের কাউনিয়া এলাকার এক জন (পুরুষ) ও হিজলার একজন (পুরুষ-৬৫) রয়েছেন। মঙ্গলবার বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত কাউকে শনাক্ত করা হলো।
জেলা প্রশাসক অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ৭ ব্যক্তির বাড়ির আশপাশ লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তারা বিগত দিনগুলোতে কোন কোন স্থানে যাতায়াত করেছেন ও কাদের সংস্পর্শে গেছেন তাও চিহ্নিত করার কাজ চলছে।
এখন পর্যন্ত বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, বরিশাল মহানগরীতে ৯ জন, মুলাদীতে ১ জন , হিজলায় ২ জন, আগৈলঝাড়ায় ১ জন, গৌরনদীতে ২ জন, উজিরপুরে ১ জন, বানারীপাড়ায় ২ জন, মেহেন্দীগঞ্জে ২ জন এবং বাকেরগঞ্জে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জনের করোনা শনাক্ত হয়।


