না’গঞ্জ করোনা চিকিৎসাকেন্দ্রের ১৭ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের খানপুরে ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালের (বর্তমানে করোনা রোগীদের চিকিৎসাকেন্দ্র) প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. গৌতম রায়সহ ১৭ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে  এ তথ্য নিশ্চিত করেন ডা. গৌতম রায়। তিনি বর্তমানে এ হাসপাতালেই আইসোলেশনে চিকিৎসাধীন।
তিনি বলেন, আমার হাসপাতালের একজন মেডিসিন ডাক্তার ইতোমধ্যে আক্রান্ত হয়ে সবার আগে আইসোলেশনে রয়েছেন। পরে আরো তিনজনের পজিটিভ পাওয়া যায়। তাদের চারজনের পর এখানকার স্টাফদের টেস্ট করানো হয়। আজ আমিসহ ১৩ জনের রিপোর্ট এসেছে পজিটিভ। আপাতত আমি এখানেই আইসোলেশনে রয়েছি। আমরা মোট এ হাসপাতালের ১৭ জন এখন করোনা আক্রান্ত।
এর আগে নারায়াগঞ্জ জেলা সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলামসহ বেশ কয়েকজন ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় ও অ্যাম্বুলেন্স চালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তাদের সংস্পর্শে এসে আরো ডজন খানেক স্বাস্থ্যকর্মী রয়েছেন কোয়ারেন্টিনে।
জেলায় ইতোমধ্যে দু’জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। আক্রান্তের তালিকায় রয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ীও। ইতোমধ্যে জেলায় ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।