নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : এ সময় আগুন নেভাতে গিয়ে এছহাক মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এছহাক উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
স্থানীয় বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. আদিল খান ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজা মিয়া ঘটনা নিশ্চিত করে জানান, রোববার রাতে তেবাড়িয়া বাজারে মো. হযরত আলীর তেলের (পেট্রোল) দোকানে মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আব্দুর রহমানের লেপ-তোশকের দোকানে তিন লাখ, মো. হযরত আলীর তেল-ভূষির দোকানে তিন লাখ ও শহিদুলের ফার্নিচারের দোকানে এক লাখ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণ করে।
তারা আরো জানান, আগুন নেভাতে গিয়ে এছহাক নামের এক পথচারী আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকালে তার মৃত্যু হয়।


