নাগেশ্বরীতে কেরানীগঞ্জ ফেরত ৬২জন শ্রমিককে ৮দিনেই বাড়ী পাঠালেন ইউএনও

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে কেরানীগঞ্জ ফেরত ৬২জন শ্রমিককে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ না করে ৮দিনেই বাড়ী পাঠালেন উপজেলা নির্বাহী অফিসার নুর আহম্মেদ মাছুম।

জানা গেছে, গত ১৪ এপ্রিল ভোরে ঢাকার কেরানিগঞ্জ থেকে ট্রাকযোগে আসা ৬২ জন ইটভাটার শ্রমিককে কুড়িগ্রাম ধরলা ব্রিজে আটক করে পুলিশ। পরে পুলিশ সুপারের নির্দেশে তাদেরকে আটক করে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় নিয়ে আসে আসা হয়।পরে ৬২ জনকে কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখে উপজেলা প্রশাসন।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন অর রশীদ জানান,ইউএনও স্যারের নির্দেশে সবাইকে একসাথে ছেড়ে দেয়া হয়েছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু বক্কর সিদ্দিক জানান, তাদের শরীরে করোনার উপসর্গ সর্দি, জ্বর, কাঁশি ও গলা ব্যাথা না থাকায় নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাগেশ্বরী ইউএনও’র নির্দেশে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নুর আহম্মেদ মাছুম জানান, তাদেরকে ১১ দিন রেখে করোনার কোন উপসর্গ না থাকায় অবমুক্ত করা হয়।সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ৮ দিন কিনা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, যারা বাইরে থেকে আসবে তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।ওই শ্রমিকদেরকে ৮ দিনপর ছেড়ে দেয়ার কথা জেনেছি। তাদেরকে বাকি ৭দিন বাড়িতেই হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে।