নাটোরে যাত্রীবাহী লেগুনার সঙ্গে বাসের সংঘর্ষে ১৩ জন নিহত

সড়ক দুর্ঘটনা

নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী লেগুনার সঙ্গে বাসের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। এরা সবাই লেগুনার যাত্রী। লেগুনাকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে গেলে বাসের ৩০ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ক্লিক মোড়ে নাটোর-পাবনা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত কারো পরিচয় জানা যায়নি। চ্যালেঞ্জার পরিবহনের যাত্রাবাহী একটি বাস পাবনা থেকে নাটোর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে লেগুনার ১৩ যাত্রী নিহত হয়েছে। বাসটি রাস্তার পাশে উল্টে পড়লে বাসের ৩০ যাত্রী আহত হয়েছে। ঘটনার পরপর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে হতাহতদের উদ্ধার করেছে।