নাটোরে ১৭০ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যানের মামা আটক

জেলা প্রতিবেদকঃ নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ছাত্রাবাস থেকে খোলা বাজারে বিক্রির ১৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এসময় ইটালি ইউপি চেয়ারম্যানের মামা চালের ডিলার মো. আসাদুজ্জামানকে (৫৫) আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে এসব চালগুলো উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটক ডিলার আসাদুজ্জামান উপজেলার সাতপুকুরিয়া গ্রামের মৃত আছের আলীর ছেলে।
তিনি ইটালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের মামা বলে জানা গেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ইটালি ইউনিয়নের সাতপুকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ছাত্রাবাসে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দকৃত চাল মজুদ করা হয়েছে।
দুপুরের দিকে সেখানে অভিযান চালিয়ে ১৭০ বস্তা চাল জব্দ করা হয়। চালগুলো খোলাবাজারে ১০ টাকা কেজি করে বিক্রির জন্য উত্তোলন করা হয়েছিল। কিন্তু তিনি খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিতের পর এসব চাল বিক্রি না করে আত্মসাতের পরিকল্পনা করছিলেন। এমনকি চালগুলোর ব্যাপারে প্রশাসনকে অবহিতও করেননি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। গরিবের চাল আত্মসাতকারী যেই কেউ হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।
এদিকে চাল ডিলার আসাদুজ্জামানকে রক্ষায় সিংড়া থানার ওসিকে চিঠি দিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুস সালাম বিশ্বাস। এ ব্যাপারে ওই খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করে হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বিষয়টি এড়িয়ে যান।