নারায়ণগঞ্জে এক হোসিয়ারি শ্রমিকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সিয়াম (১৭) নামে এক হোসিয়ারি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার সকালে শহরের ডিআইটি কলোনির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিয়াম ফতুল্লার দেওভোগ লিচুবাগান এলাকার মসজিদ গলিতে অবস্থিত হামিদার বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার ছেলে।

পরিবারের লোকজন জানান, রোববার রাত ৯টায় হোসিয়ারি কারখানা থেকে বের হয় সিয়াম। কিন্তু সে বাসায় না ফেরায় সকালে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। এ সময় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শহরের ডিআইটি কলোনির পেছনে পড়ে থাকা মরদেহ দেখে শনাক্ত করে পরিবারের সদস্যরা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিয়ামকে শ্বাসরোধে হত্যা করে ওখানে ফেলে গেছে হত্যাকারীরা।