নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সোমবার সকালে নয়ামাটি এলাকার আলম মার্কেটের তৃতীয় তলায় হাসনেয়ারা হোসিয়ারিতে এ হত্যাকাণ্ড ঘটে। নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় এক হোসিয়ারি শ্রমিককে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের নাম শাকিল মিয়া। তিনি বন্দরের চর ইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, নিহত শাকিল ওই হোসিয়ারিতেই থাকতেন। তিনি রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে এসে ঘুমিয়ে পড়েন। তার সাথে আরেক হোসিয়ারি শ্রমিক সরোয়ার থাকতেন। ভোরে সরোয়ারকে হোসিয়ারি বন্ধ করে চলে যেতে দেখা গেছে। সকালে মালিক সুমন মিয়া হোসিয়ারি খুলে ভিতরে প্রবেশ করলে শাকিলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি জানান, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেন এই হত্যাকাণ্ড সেটিও বের করার চেষ্টা চলছে।


